অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, এ পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিষ্পত্তি করেছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। এরপরও কোনো গ্রাহকের বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, কোনো ধরনের প্রমাণ ছাড়াই শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



