বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
সালাহউদ্দিন আহমদ ও বেনজীর আহমেদ
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই দেশটিতে নিয়োজিত সরকারের ল' ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। আদালতের আদেশের শর্তগুলো বিস্তারিত জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক—দুই ধরনের প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের কাছে এমন তথ্য-উপাত্ত রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও থাকতে পারে।
এদিকে সাম্প্রতিক রথযাত্রাকে কেন্দ্র করে মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা আতঙ্কের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো নিষ্ক্রিয় করে।
তার ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো গোষ্ঠী এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সতর্ক অবস্থানে রয়েছে।
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তবুও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং উগ্রবাদী যেকোনো তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



