Logo
Logo
×

জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে।”

দুবাইয়ে বেনজীরের জামিন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল পরিচিতি ও অনুসন্ধানমূলক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, সফর শেষে সার্জিও গর প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে বলে মন্তব্য করেছেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতা ও আস্থার প্রতিফলন।

হুমায়ুন কবির আরও বলেন, বর্তমান মার্কিন প্রশাসন এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশকে তারা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে ওঠেনি বলে জানান তিনি। চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তিও আলোচনায় আসেনি। তিনি বলেন, বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়।

এ সময় তিনি আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি দূর করার পরামর্শ দেন এবং সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে বলেন, এটি হুতিদের হুমকি মোকাবিলার জন্য। একই সঙ্গে ইরানের সঙ্গেও আলোচনা চলছে। তার মতে, সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক, যা ধর্মীয় সীমারেখা ছাড়িয়ে আরও শক্তিশালী হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন