এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মূহুর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্টি গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো পেট্রোবাংলা।



