ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নির্ধারিত রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।



