রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দুদিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আর এটা তো রাষ্ট্রপতির বিষয়। গুজব দিয়ে কিছু বলা যাবে না।’
মন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়েই গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। তবে বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ফেরার নির্ধারিত সময় ছিল ২৬ জুলাই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। প্রতিবেদনে বলা হয়, তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি অবহিত করেছেন। তবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্স আরও জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।



