৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল গ্রহণযোগ্য হবে।
সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; বরং রোল নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিপিএসসির ওয়েবসাইটে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিপিএসসি আরও জানিয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা সনদপত্রে অসংগতি পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।



