জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালার শিরোনাম ছিল—‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। জনগণের সুউচ্চ প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চপর্যায়ের কর্মসূচি প্রণয়ন তখনই যৌক্তিক হবে, যখন তা জনগণের প্রকৃত কল্যাণে আসবে। সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।
নীতি প্রণয়নে সঠিক পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থায় রূপান্তরিত করার প্রয়োজন রয়েছে।
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ওপর ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করতে হবে।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের মূল দায়িত্ব। নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না।



