পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তাতে নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরা হবে।
জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব। এ জন্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, এবারের সংবাদ সম্মেলনে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষয়-ক্ষতি এবং সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



