Logo
Logo
×

জাতীয়

বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কেউ যদি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারে, প্রয়োজনে তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে আগেই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি অনুকূলে থাকবে বলে জানানো হয়েছিল, তাই বিকেল পর্যন্ত অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্ত্রী জানান, কুমিল্লা সরকারি কলেজে মাঠে পানি জমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। এক শিক্ষার্থীর কাপড় ভিজে যাওয়ায় তাকে শুকনো কাপড় এনে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয় এবং সময়সীমা বাড়ানো হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন মডারেশনের কাজ আগের সরকারের আমলে হয়েছিল। তবে ভুল ধরা পড়ায় পরীক্ষার্থীদের ওই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।

এছাড়া তিনি জানান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবি সরকারের ভাবনায় রয়েছে। ইউরোপ ও আমেরিকার আদলে সেখানে বিশেষায়িত কৃষি অনুষদ গড়ে তোলা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। তাই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন