শেখ হাসিনার আত্মসমর্পণ হলে আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। রাজনৈতিক বক্তব্য দিয়ে পালিয়ে থাকা নেতাকর্মীদের উসকানি দেওয়ার চেষ্টা ছাড়া তার বক্তব্যের অন্য কোনো উদ্দেশ্য নেই।
শামা ওয়ায়েদ বলেন, একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। বিদেশে বাংলাদেশের মিশনে বা দেশে এসে আত্মসমর্পণ করলেও প্রক্রিয়া একই—জেলে যেতে হবে এবং সাজা ভোগ করতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, একজন আসামির বক্তব্য সরকার আমলে নেবে না। ইতোমধ্যে শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। তাই নতুন কোনো প্রক্রিয়া শুরু হওয়ার সুযোগ নেই। ভারতের সঙ্গে চলমান আলোচনায় বিষয়টি আলোচিত হচ্ছে, তবে বিচার প্রক্রিয়া একই থাকবে।



