সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা অটুট: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোববার (১৩ জুলাই) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা শোনেন।
প্রধানমন্ত্রী বলেন, সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে বিশেষ মর্যাদা তৈরি করেছে। এই আস্থা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদার প্রশিক্ষণ এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে।
তিনি জানান, সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। মহড়ায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সেনাসদস্যদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত খাবার গ্রহণ করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



