Logo
Logo
×

জাতীয়

এআই ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

এআই ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এআই গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই ইতোমধ্যেই পরিবর্তন আনছে।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে সরকারের ধারাবাহিক উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার স্টার্টআপ ফান্ড ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে এআই প্রশিক্ষণ কেন্দ্র এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, গবেষক দল ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’ নামে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করেছে। বর্তমানে তারা ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প নিয়ে কাজ করছে। শেষে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল, বিভাগীয় প্রধান ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন