২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় এক হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৮১৮ জন। গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন, যা নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। এর মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জন এবং সন্দেহভাজন হামে ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে।



