আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শনিবার (১১ জুলাই) পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শুক্রবারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। শনিবারে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



