বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন জমা দিতে টাইম-স্লটের ভিত্তিতে নতুন পদ্ধতি চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
আজ বুধবার থেকে নতুন এ পদ্ধতি চালু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানিয়েছে।
এতে বলা হয়, প্রতিটি আইভ্যাকের দৈনিক সাক্ষাতের সক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেমের মাধ্যমে ক্রমানুসারে ও স্বয়ংক্রিয়ভাবে টাইম-স্লট বরাদ্দ দেওয়া হবে।
এতে আরও বলা হয়, আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে ম্যানুয়ালি বা নিজে থেকে কোনো টাইম-স্লট বেছে নেওয়ার প্রয়োজন হবে না।
আইভ্যাক জানিয়েছে, ভিসা আবেদন যেন সুশৃঙ্খলভাবে ও সময়মতো জমা দেওয়া যায়, সেজন্য আবেদনকারীদের তাদের সাক্ষাৎ নিশ্চিতের কপিতে উল্লেখ করা টাইম-স্লট অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০২৪ সালের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতীয় ভিসা স্থগিত হয়ে যায়। প্রায় দুই বছর পর এ বছরের ২৮ জুন ভারতীয় হাইকমিশন ট্যুরিস্ট ভিসা চালু করে।
ভারতীয় হাইকমিশনের একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নতি এবং ভারতীয় ভিসা প্রত্যাশীদের যেকোনো ধরনের হয়রানি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
গত ২৫ জুন নতুন করে ভিসা চালুর ঘোষণা দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা—এই ৫ কেন্দ্রের মাধ্যমে ভিসা ইস্যু করা হবে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।



