Logo
Logo
×

জাতীয়

আগামীর শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তি যুক্ত হবে: শিক্ষা উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

আগামীর শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তি যুক্ত হবে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা কারিকুলাম এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, যেখানে পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে পুরো শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে টেকনিক্যাল ও প্রফেশনাল শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রাথমিকভাবে তাত্ত্বিক এবং পরে ব্যবহারিক শিক্ষা যুক্ত করা হবে। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আমরা ৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকবে। শিক্ষকদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগও থাকবে।

মাহদী আমিন জানান, সরকার গঠনের পর মাত্র সাড়ে চার মাস সময় থাকায় বড় ধরনের কারিকুলাম পরিবর্তন এখনই সম্ভব নয়। তবে আগামী শিক্ষাবর্ষের পর থেকে নতুন কারিকুলাম কার্যকর করা হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এ পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও শুভকামনা জানাচ্ছে।”

তিনি আরও জানান, পরীক্ষায় সুন্দর, স্বতঃস্ফূর্ত ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। নকল, প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ লাখ ২১ হাজার ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজারেরও বেশি ছাত্রী। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের আহ্বান জানান, যেন সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন