কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৪৯ পিএম
দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। তিনি জানান, এর মধ্যে ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের জন্য ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বৈঠকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির দুই সংসদ সদস্যের পৃথক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।
মন্ত্রী জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ফলে অনুমোদিত পদের তুলনায় ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে। ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারীর পদে প্রয়োজনীয় জনবল না থাকায় পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ বিষয়ে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। একই শিক্ষাবর্ষ থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তকও চালু হবে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে সহায়ক হবে।
এছাড়া তিনি জানান, বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে ২টি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টি সাধারণ, ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ৮টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।



