Logo
Logo
×

জাতীয়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে বক্তব্যের সময় বাড়ানোর জন্য একাধিক সদস্য অনুরোধ করলে তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার বাজেট আলোচনার শুরুতে স্পিকার বলেন, ‘হাতে সময় কম; তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা সদস্যদের জন্য যে সময় নির্ধারণ করেছেন, তার বাইরে বক্তব্যের সময় বাড়ানো হবে না।’

তিনি সদস্যদের উদ্দেশে আরও বলেন, ‘আজ এবং কাল এই দুই দিনই বাজেটের উপর বক্তব্য চলবে। তারপরে কার্যক্রম, অন্য কার্যক্রম আমরা হাতে নেব। আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপ নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়টি আমি আহ্বান জানাবার সময়, আপনাদেরকে জানিয়ে দেব এবং এরপর আর বাড়ানো হবে না।’

বক্তব্য যেন অসমাপ্ত না থাকে, সে জন্য সময় পরিকল্পনা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে শেষ করতে নির্ধারিত সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপনের পর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে স্পিকার বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ মিনিট করে, যদি পাঁচ মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করেন, তাহলে বাজেটের আলোচনায় আমরা ফিরে যেতে পারি।’ ExecutiveBranch

ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর বাজেট আলোচনায় প্রথম বক্তা হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হলে তাকে বক্তব্য থামিয়ে দেন স্পিকার।

এরপর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ দিকে তিনি আরও দুই মিনিট সময় চাইলে স্পিকার সংক্ষিপ্তভাবে বলেন, ‘সময় নাই।’

তবুও মিলন আবারও অনুরোধ করলে স্পিকার বলেন, ‘আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না- বাকি চাহিয়া লজ্জা দিবেন না; সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণকে ছয় মিনিট সময় দিয়ে স্পিকার পরামর্শ দেন, ‘ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এক মিনিট বাকি থাকতে সমাপ্ত করবেন, যাতে আপনি সমাপ্ত করতে পারেন বক্তব্য।’

চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও কিছুটা অতিরিক্ত সময়ের প্রত্যাশার কথা জানালে স্পিকার তাকে একই বার্তা দিয়ে বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন