প্রধানমন্ত্রীর দেশে ফেরায় বিমানবন্দরে শোডাউন নয়, নির্দেশ বিএনপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর বা আশপাশের সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়া কিংবা শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না। শুধু দলের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী শুক্রবার যুগান্তরকে বলেন, “প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে বিমানবন্দরে কোনো শোডাউন হবে না। জনগণের কষ্ট বাড়ানো যাবে না।”
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। এরপর তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নেন। পরে বেইজিংয়ে পৌঁছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
এছাড়া বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন এবং চীনের বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আজ বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।



