আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার পরিকল্পনা নস্যাৎ: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল (আওয়ামী লীগ) তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, সমাবেশ বা জমায়েত করে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল। তবে ডিএমপি তাদের এ পরিকল্পনা নস্যাৎ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে চেকপোস্ট জোরদার করা হয়েছে। পিকেট, মোবাইল ও ফুট পেট্রোল বাড়ানো হয়েছে, সাদা পোশাকে নজরদারি চালানো হয়েছে। সন্দেহজনক মেস, হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, “আমাদের মনে হয়েছে তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং নাশকতা ঘটাতে চেয়েছিল। ডিএমপি সদস্যরা তাদের পরিকল্পনা নস্যাৎ করেছে এবং আশা করি তারা আর কোথাও জমায়েত হতে পারবে না।”
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, তাদের নাশকতার পরিকল্পনা থাকতে পারে। এজন্য ঢাকার বাইরে থেকে কেউ রাজধানীতে প্রবেশ করে এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।
আশুরা ও তাজিয়া মিছিলে নাশকতার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ শোক কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।



