বিআইডব্লিউটিএ পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশিত হয়েছে, যা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
চাকরি প্রবিধানমালা ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদানের ভিত্তিতেই ভাতা পরিশোধ করা হবে।
এদিকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।



