গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার সব অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত উন্নয়নের একটি কার্যকর পথরেখা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান—কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, গণমাধ্যমের সমালোচনা ও পর্যবেক্ষণ সরকারের জন্য সংশোধনের সুযোগ সৃষ্টি করে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন, নীতিনির্ধারক ও সাংবাদিক নেতারা অংশ নেন।



