দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানালেন ডা. জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সেখানে তাকে আটকে রাখা হয়নি, বরং একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। পরে আন্তরিকতার সঙ্গে প্রবেশের অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং প্রতিবাদস্বরূপ দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। রুমে নিয়ে আটকে রাখা হয়েছে—এমনটি সঠিক নয়।” তিনি আরও বলেন, “আমি ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে যা হয়েছে, তার তাৎক্ষণিক প্রতিবাদ করা প্রয়োজন ছিল। সে কারণেই আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশ করাতে চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তার মতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া জরুরি ছিল।
এর আগে গত রোববার ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে যোগ দিতে দিল্লি যান তিনি। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন এবং আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।



