দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং দিনের শেষে বিস্তারিত জানানো হবে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।”
রোববার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে অংশ নিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়ে তারা স্পষ্ট না করায় তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানো সত্ত্বেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন এবং সোমবার দুপুরে দেশে পৌঁছান।



