৩০ দিনের মধ্যে দেশে ফেরানো হবে বেনজীর আহমেদকে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
এর আগে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানায়।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে আদালত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে দুদক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে। মামলায় তাদের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক ছিলেন।



