দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:০৩ পিএম
সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি বলেন, যেহেতু এই আয়োজনটি রাস্তার মধ্যে হয়েছে, তাই মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। এজন্য প্রোগ্রাম সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করে, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
তারেক রহমান বলেন, আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন তাদের সহযোগিতা করতে। একজন নাগরিক হিসেবে এটাই আমাদের দায়িত্ব।
তিনি জানান, আজকের অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য দেওয়া হবে না, কারণ এতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। তবে সাংগঠনিক কার্যক্রম নিয়ে শিগগিরই আলাদা সভা-সমাবেশ করা হবে, যেখানে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।



