গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৪১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩৭ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।



