কয়েক দিনের তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হতে পারে। আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়াবিদদের মতে, বজ্রমেঘের প্রভাবে রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ড. ওমর ফারুক জানিয়েছেন, চলতি সপ্তাহে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হবে কিনা, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।



