Logo
Logo
×

জাতীয়

ফ্যাসিবাদবিরোধী শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:২২ পিএম

ফ্যাসিবাদবিরোধী শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তিনি বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত মাটিতে দাঁড়িয়ে আজ আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, পুলিশের বর্ণিল প্যারেড কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার প্রতীক। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার স্বাধীনতাপ্রিয় মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। জাতিসংঘ শান্তি মিশনেও বাংলাদেশ পুলিশ সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, বিশেষ করে নারী পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার প্রাক্কালে রাজারবাগে পুলিশ সদস্যদের একত্রিত করার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত এখনো গবেষণার বিষয় হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীকে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন