মাঠ থেকে পর্যায়ক্রমে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। তাই মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজন নেই। এ কারণে সেনা সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় এবং কীভাবে তারা ফেরত যাবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
পাথর উত্তোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জসহ ওই অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণে সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষা করে পাথর সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।



