বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানায় আন্তরিকভাবে বিনিয়োগ করতে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করা জরুরি।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, প্রকল্প অনুমোদনে দীর্ঘ সময় লাগা এবং বিভিন্ন দপ্তরের অনুমতি নেওয়ার জটিলতা বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, অপ্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া বাদ দিতে হবে এবং সময়োপযোগী ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, বন্ধ সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



