আদানি প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বাড়াতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হবে। আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।



