দেশজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয়, আকস্মিক বন্যার শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
বাংলাদেশের দিকে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ দেখা দিতে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।
সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সর্বাধিক সক্রিয় থাকবে সিলেট বিভাগ। ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের উত্তরাংশে সক্রিয়তা বেশি থাকবে। বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি সক্রিয়তা এবং রাজশাহীর কিছু এলাকায় কম সক্রিয়তা দেখা যাবে।
২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত।
এর ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, ভারতীয় ভূখণ্ডে আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল সৃষ্টি হতে পারে, যা সীমান্তবর্তী নদনদী ও হাওরে পানির আকস্মিক বৃদ্ধি ঘটাতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে একটানা বর্ষণ হতে পারে।



