যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম
পর্যাপ্ত কয়লা মজুত থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর তিনটি ইউনিটই অচল হয়ে পড়েছে। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় বয়লার পাইপ ফেটে যায়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ চলছে, তবে পুনরায় চালু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে দ্বিতীয় ও তৃতীয় ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই পূর্ণ সক্ষমতায় চালানো যায়নি। বর্তমানে তিনটি ইউনিটই বন্ধ থাকায় উৎপাদিত কয়লা ব্যবহার করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্র। ফলে বড়পুকুরিয়া কয়লা খনিতে মজুত বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৫ লাখ টন, যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম জানান, খনিতে দৈনিক গড়ে ২ হাজার ৭শ টন কয়লা উত্তোলন করা হচ্ছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কয়লা রাখার জায়গা সংকট দেখা দিয়েছে। বিকল্প স্থানে কয়লা সংরক্ষণের চেষ্টা চলছে।
এদিকে বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকেও উত্তরাঞ্চলে চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। টানা গরমে (৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস) বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল, ভোর ও গভীর রাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।



