দেশের ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধিত জেলা হলো— বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।
সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বগুড়ায় পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বগুড়ায় ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হাম টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন এবং বিকালে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে রাতে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
সরকারের এই উদ্যোগ বিচার ব্যবস্থায় ডিজিটাল সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।



