সবজির বাজারে এখনো চড়া দাম, সামান্য কমেছে মুরগির মূল্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
রাজধানীর বাজারে সরবরাহ কমসহ নানা অজুহাতে সব ধরনের সবজির দাম এখনো চড়া। বেশিরভাগ সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। যদিও আগের তুলনায় কিছুটা দাম কমেছে, সাধারণ ক্রেতাদের জন্য কাঙ্ক্ষিত স্বস্তি এখনো আসেনি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল প্রতি কেজি ৯০–১০০ টাকা, কাঁকরোল ১৫০–১৬০ টাকা, বেগুন ১০০–১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, করলা ১৪০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা ৫০–৬০ টাকা, টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ ৬০–৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু সবজির দাম কমলেও অন্যগুলোর দাম বেড়ে যাওয়ায় সংসারের বাজার খরচ কমছে না। বড় পরিবারে বাজারের চাপ আরও বেশি পড়ছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় দাম কমছে না। তবে সরবরাহ বাড়লে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।
অন্যদিকে, মুরগির বাজারে সামান্য স্বস্তি ফিরেছে। সোনালি মুরগির দাম কমে প্রতি কেজি ৩৮০–৪০০ টাকায় নেমেছে, যা আগে ৪৫০ টাকা ছিল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০–১৯০ টাকায়। ফার্মের ডিম প্রতি ডজন ১১৫–১২০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে গরুর মাংসের দাম এখনো কমেনি। প্রতি কেজি ৮০০–৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মৌসুমি সবজির সরবরাহ বাড়লে এবং পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলে বাজার ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে পারে। তবে আপাতত সাধারণ ক্রেতাদের জন্য পুরোপুরি স্বস্তি ফিরতে আরও সময় লাগবে।



