২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ‘কৃষক কার্ড’ অন্যতম। তিনি জানান, যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, তা প্রথম সপ্তাহেই মওকুফ করা হয়েছে। প্রায় ১২ লাখ কৃষক এ সুবিধা পেয়েছেন। বর্তমানে ২২ হাজার কৃষককে কার্ড দেওয়া সম্ভব হলেও আগামী পাঁচ বছরে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত কোটি কোটি কৃষককে এ কার্ড প্রদান করা হবে।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষি সম্পর্কিত শিল্প-কারখানা গড়ে তোলা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান। দেশি-বিদেশি ব্যবসায়ীরা কোল্ডস্টোরেজ তৈরিতে আগ্রহ দেখিয়েছেন, সরকার এ বিষয়ে উদ্যোগী।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের আস্থার মূল্য দেবে। তিনি সবাইকে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকার জনগণের সরকার, যার লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন।
কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বিএনপি সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে যুক্ত এবং বাকিরাও কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। তাই কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এ কারণেই কৃষকদের জন্য ১০টি সুবিধা সংবলিত কৃষক কার্ড চালু করা হয়েছে।



