পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র্যাব ডিজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম
ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ রাজধানীর প্রধান প্রধান স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ জন্য পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কার্যক্রম চালাচ্ছে। সারা দেশে নববর্ষ চলাকালীন সার্বিক নিরাপত্তায় কন্ট্রোলরুম, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে র্যাব সতর্ক অবস্থায় রয়েছে। আশা করা হচ্ছে, অন্য বছরের তুলনায় এবার নববর্ষ আরও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।



