হাম টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
ছবি : সংগৃহীত
হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যু রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য রোগের টিকার সংকট এবং এর ফলে শিশুমৃত্যুর ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এতে আরও উল্লেখ করা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত দিয়েছেন।
বর্তমান সরকারও বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের সংকট পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা।



