Logo
Logo
×

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

ইউরোপীয় ইউনিয়নে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা প্রণয় ভার্মা বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মাকে ব্রাসেলসে নেওয়ার উদ্যোগের কথা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এ অঞ্চলে ভারতের কূটনৈতিক দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চুক্তির মাধ্যমে পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের শুরুতে কার্যকর হতে পারে। ভারত আশা করছে, ইউরোপের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার বাড়ার ফলে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলো উপকৃত হবে।

প্রণয় ভার্মা এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগ এবং ভারতের পরমাণু কূটনীতি নিয়েও কাজ করেছেন তিনি।

যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে যোগদানের আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন