সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ বিল পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত ‘সন্ত্রাসবিরোধী বিল ২০২৬’ কণ্ঠভোটে গৃহীত হয়।
এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন আরও সংশোধন ও কঠোর করা হলো। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।
সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়। এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।



