আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকে আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
আট মাসে অবৈধভাবে ২৮৬ জন সাব-রেজিস্ট্রার বদলির মাধ্যমে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।
বুধবার (৮ এপ্রিল) দুদকে এ আবেদন জমা দেন তিনি। বিষয়টি ব্যারিস্টার সরোয়ার নিজেই নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি। বদলির প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের মাধ্যমে শতকোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে।
এছাড়া বদলির নীতিমালা অনুযায়ী সাব-রেজিস্ট্রার পদে পদায়ন না করে নিয়ম ভঙ্গ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এই আবেদনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।



