ডিবির হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানান তিনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।



