Logo
Logo
×

জাতীয়

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সরকার গঠনের পর এটিই হবে একনেকের প্রথম বৈঠক। এই সভায় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে মৌলিক কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে বিলাসী বা কম গুরুত্বপূর্ণ প্রকল্পের চেয়ে চলমান কাজগুলো দ্রুত শেষ করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রায় দুই দশক পর বিএনপি সরকারের নেতৃত্বে বসতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এর আগে ২০০৬ সালে বিএনপি সরকারের নেতৃত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। আর নতুন মেয়াদে বিএনপি সরকারের প্রথম একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে ১৯টি উন্নয়ন প্রকল্প। এরই মধ্যে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে একনেক সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ সোমবার অনুষ্ঠিত হবে বর্তমান বিএনপি সরকারের প্রথম এবং চলতি অর্থবছরের নবম একনেক সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। ওই সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে প্রকল্পগুলো যাচাই-বাছাই শেষে একনেক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একনেক সভায় উত্থাপনের জন্য তালিকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৭টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আটটি নতুন এবং বাকি ৯টি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প। এ ছাড়া একনেক সভার টেবিলে সরাসরি উপস্থাপন করা হবে আরও দুটি প্রকল্প। এগুলোর মধ্যে একটি নতুন, আরেকটি সংশোধিত। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

এদিকে, সাধারণত একনেক সভা আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তবে এবার একনেক সভা পরিকল্পনা কমিশনের পরিবর্তে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। মূলত জ্বালানি সাশ্রয়ের কারণে পরিকল্পনা কমিশন থেকে সচিবালয়ে একনেক সভা স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ওই সভায় অনুমোদনের পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে।

অনুমোদনের জন্য যেসব প্রকল্প উপস্থাপন করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারত্বমূলক পল্লী উন্নয়ন চতুর্থ পর্ব প্রকল্প; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে আট বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন প্রকল্প ও গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্প।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন; চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক নিবাস নির্মাণ; ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চরকাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের রাঙামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প; সীমান্ত সড়ক (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প-দ্বিতীয় পর্যায় এবং ‘ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প’।

এদিকে, একনেক তালিকার বাইরে যে দুটি প্রকল্প উপস্থাপন করা হবে সেগুলো হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া ‘নগরবাসীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প। ১ হাজার ১৫৭ কোটি ৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পের আওতায় ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৭০টি নগর স্বাস্থ্যনীড় স্থাপন করা হবে। আর এনবিআরের ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন (প্রস্তাবিত প্রথম সংশোধন)’ শীর্ষক একটি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

একনেক সভাকে অবহিতের জন্য পরিকল্পনামন্ত্রী অনুমোদিত ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে। যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, গৃহায়ন ও গণপূর্তের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের পাঁচটি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাতটি, কৃষি মন্ত্রণালয়ের চারটি, পল্লী উন্নয়ন ও সমবায়

বিভাগের দুটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দুটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের পাঁচটি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন