৩ মে থেকে সারাদেশে হামের টিকা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এর আগে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এ কার্যক্রম চালু হবে।
রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় প্রথমে টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতে টিকা দেওয়া হবে, যেন কোনো শিশু ঝুঁকিতে না থাকে। মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।”
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা হলো নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনা।



