হামের প্রাদুর্ভাব মোকাবেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে একযোগে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু হয়েছে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে মিজলস (হাম) প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরীক্ষায় দেখা গেছে, হামে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই এই বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। অসুস্থ শিশুদের টিকা না দিয়ে কেবল ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফ এসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি শনাক্ত করেছে। পর্যায়ক্রমে সারা দেশে এই বিশেষ টিকাদান কর্মসূচি চালানো হবে।
প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত উপজেলা সমূহ:
রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাগঞ্জ ও সদর; নাটোর সদর এবং যশোর সদর।



