চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী জাহাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে চট্টগ্রাম বন্দরে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। এরই অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৩টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ ভিড়তে পারে। গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে জ্বালানি তেলবাহী জাহাজ ১৫টি, এলএনজি বহন করেছে ৮টি এবং এলপিজি বহন করেছে ৯টি জাহাজ।



