ছবি : সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুলে অনলাইন ক্লাস চালুর বিষয়ে ভাবছে সরকার। সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসও চালুর প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় আসবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, সপ্তাহে ছয় দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুনে পরীক্ষা নেয়। এ কারণে জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতি হচ্ছে।
তিনি জানান, কাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে এবং জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।



