এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই হামের টিকা সরবরাহ শুরু হতে পারে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এ কারণে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউনিসেফকে অর্থ প্রদান করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কার্যক্রম দ্রুত শুরু হবে।
এ সময় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, ইউনিসেফকে অর্থ প্রদান সম্পন্ন হয়েছে। পারচেস কমিটির অনুমোদন পেলেই টিকা আসবে এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকা কমিটি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ কর্মসূচি চালু করবে।
স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। সবাইকে শান্ত থাকতে হবে এবং শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।”



